Image description

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এক অমূল্য সম্পদ। এই সম্প্রীতিকে রক্তের বিনিময়ে হলেও চিরকাল ধরে রাখতে হবে। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “যারা কেবল একটি ধর্মের কথা বলে কিংবা কোনো একক সংস্কৃতির কথা বলে, তারা আসলে প্রকৃতির অমোঘ নিয়ম সম্পর্কে জানে না। বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের সৌন্দর্য এবং সকল ধর্মের মানুষের সহাবস্থানই আমাদের এই মাটির মূল শক্তি।”

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী নিজের সংসদীয় আসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়ে বলেন, মহাত্মা ভেগাই হালদারের স্মৃতি বিজড়িত স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ ও জাতীয়করণ করা হবে। এছাড়া ওই এলাকায় আধুনিক মন্দির স্থাপনসহ ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

স্মরণসভা শেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বারের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর