মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক্সপ্রেসওয়ের শিবচর হাইওয়ে থানা সংলগ্ন বাচামারা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবুল হাসান মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড়টিয়া-মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ থেকে ১১টি মোটরসাইকেলে করে বন্ধুদের সঙ্গে ফরিদপুর হয়ে ভাঙ্গা চৌরাস্তা এলাকায় আসেন সাকিবুল। পরে ফরিদপুর থেকে আরও নয়জন বাইকার তাদের সঙ্গে যোগ দেন। এরপর ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত মোটরসাইকেল রেস করার পরিকল্পনা করেন তারা।
ভাঙ্গা থেকে রওনা হয়ে শিবচরের আড়িয়াল খাঁ সেতু পার হওয়ার পর দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় সাকিবুল নিয়ন্ত্রণ হারান। এ সময় তার মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সঙ্গে থাকা বন্ধুরা সাকিবুলকে রক্তাক্ত অবস্থায় রেখেই ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান বলে জানা গেছে। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সাকিবুলের বান্ধবী আরোহী আক্তার বলেন, “আমরা মানিকগঞ্জ থেকে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ফরিদপুর আসি। সেখান থেকে আরও নয়জন আমাদের সঙ্গে যুক্ত হয়। ভাঙ্গা এলে আমিসহ আরও এক বান্ধবীকে রেখে তারা বাইক রেসিংয়ে যায়। পরে খবর পাই, সাকিব দুর্ঘটনা করেছে। আমি ভাঙ্গা থেকে ঘটনাস্থলে এসে দেখি সাকিব মারা গেছে। রেসিংয়ে থাকা অন্যরা কেউ এগিয়ে আসেনি। দুর্ঘটনা দেখেই তারা চলে গেছে।”
তিনি আরও বলেন, “ওরা প্রায়ই বাইক রেস করে। এভাবেই ফেসবুকে অন্যদের সঙ্গে পরিচয়। একসঙ্গে রেসিং করতে গিয়ে সাকিব পড়ে গিয়ে মারা যায়। ওর বাইকার বন্ধুরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখেই পালিয়ে গেছে।”
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, “দুপুরের পর দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলেটি মারা গেছে। সেখানে নিহতের পরিচিত কাউকে পাইনি। শুনেছি, আরও কয়েকজন বন্ধুর সঙ্গে দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল। দুর্ঘটনা দেখে বন্ধুরা ঘটনাস্থল থেকে সরে যায়। নিহতের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। পরিবারের লোকজন এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনার পর সাকিবুলের মরদেহ শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এসএ




Comments