বিষপানে অসুস্থ যুবককে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পটুয়াখালী-কুয়াকাটা সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ইউসুফ ও রুমা নামে আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর পায়রা পেট্রোল পাম্প চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শাকিল বিষপান করায় তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে পায়রা পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিলসহ তিনজন আহত হন।
পরে গুরুতর আহত শাকিলকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক ডা. জাকের হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে শাকিল নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
এসএ




Comments