বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ৪৩তম জন্মদিনটি উদযাপন করেছেন পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে। বিশেষ এই দিনে স্বামী ভিকি কৌশল ও আট মাস বয়সি ছেলে ভিহানকে নিয়ে কাটানো কিছু স্মরণীয় মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি আবেগময় ছবি। সেখানে ক্যাটরিনাকে ছেলে ভিহানের ছোট্ট হাতে স্নেহভরে চুমু খেতে দেখা যায়। সন্তানের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ছবিতে তার মুখ প্রকাশ করা হয়নি। পোস্টে জন্মদিনের একক ছবির পাশাপাশি ভিকি কৌশলেরও একটি ছবি রয়েছে।
ছবিগুলোর ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, "সবচেয়ে মূল্যবান আশীর্বাদের জন্য আমি সবসময় কৃতজ্ঞ। এটাই ছিল আমার জীবনের সেরা জন্মদিন।"
পোস্টটি প্রকাশের পর শুভেচ্ছায় ভাসেন অভিনেত্রী। দিয়া মির্জা মন্তব্যে ভালোবাসা ও শুভকামনা জানান। এছাড়া বাণী কাপুর, আদিতি রাও হায়দারি, নীল নিতিন মুকেশ ও জোয়া আখতারের মতো তারকারাও হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করেন ভিকি কৌশল। সেখানে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে কেকের টুকরো হাতে হাসিমুখে পোজ দিতে দেখা যায় এই তারকা দম্পতিকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমার প্রিয় মানুষের জন্মদিন।"
ভিকি ও ক্যাটরিনার প্রথম দেখা হয় ২০১৯ সালে নির্মাতা জোয়া আখতারের আয়োজিত এক অনুষ্ঠানে। এরপর তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় এবং ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন তারা।
২০২৫ সালের নভেম্বরে তাদের ঘরে জন্ম নেয় প্রথম সন্তান ভিহান। চলতি বছরের শুরুতে এই দম্পতি জানান, ভিকি কৌশলের জনপ্রিয় চলচ্চিত্র উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক-এ তার চরিত্রের নাম অনুসারেই ছেলের নাম রাখা হয়েছে।
বর্তমানে মাতৃত্বের কারণে অভিনয় থেকে বিরতিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে ভিকি কৌশলকে শিগগিরই সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার সিনেমায় আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে।
সূত্র: এনডিটিভি




Comments