মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বাদে দেশের সাত বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার (২০ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি তিনটি পয়েন্টে বিপৎসীমার ওপরে ছিল। এর মধ্যে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি ৩৩ সেন্টিমিটার এবং নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে, আর কুশিয়ারার পানি কিছুটা কমলেও আগামী তিন দিনে উভয় নদীর পানি আবার বাড়তে পারে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। ইতোমধ্যে যেসব এলাকায় বন্যা রয়েছে, সেখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
এ ছাড়া আগামী দুই দিনে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার ভুগাই, কংস ও সোমেশ্বরী নদী এবং সিলেট ও সুনামগঞ্জের সারিগোয়াইন ও যাদুকাটা নদীর কিছু অংশেও পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ভারতের মেঘালয়ের উজানে গত ২৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। উইলিয়ামনগরে ৩৭১ মিলিমিটার, আর কে এম সোহরায় ২৮২ মিলিমিটার, চেরাপুঞ্জিতে ২৭৯ মিলিমিটার এবং তুরায় ১০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আসামের গুহাটিতে ১৩৮ মিলিমিটার এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বর্তমানে মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে এবং দেশের অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় অবস্থায় আছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারি বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে অতি ভারি বর্ষণ বলা হয়।




Comments