যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজার আমন্ত্রণ গ্রহণের পর তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করেন।
১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া ভাষণে বার্নহাম বলেন, গত এক দশকে বারবার প্রধানমন্ত্রী পরিবর্তনের কারণে জনগণের মধ্যে রাজনীতির প্রতি হতাশা ও অনাস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, “আমরা এতদিন যথেষ্ট ভালো করতে পারিনি। আমাদের আরও ভালো হতে হবে।”
নতুন প্রধানমন্ত্রী জানান, ক্ষমতা শুধু লন্ডনে সীমাবদ্ধ না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে বিকেন্দ্রীকরণ করা হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর সরকারি তদারকি বাড়িয়ে জীবনযাত্রার ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সরকারি আবাসনের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি চলতি বছরের শেষ দিকে দেশের উন্নয়নের জন্য একটি ১০ বছর মেয়াদি জাতীয় মহাপরিকল্পনা প্রকাশের ঘোষণা দেন।
তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় আগামীকাল থেকেই জরুরি কিছু পদক্ষেপ নেওয়া শুরু হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম অগ্রাধিকার তুলে ধরে বার্নহাম বলেন, যুক্তরাজ্যে গৃহহীনতা এবং রাস্তায় ঘুমানোর পরিস্থিতির অবসান ঘটাতে সরকার কাজ করবে।
ভাষণের শেষদিকে তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সব বিভেদ ভুলে একসঙ্গে কাজ করি। এই মুহূর্ত থেকেই ব্রিটেনকে আবার বিশ্বাস করতে শেখাই এবং দেশে নতুন আশা ফিরিয়ে আনি।”




Comments