Image description

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাস থেকে মিলিটারি পুলিশের কড়া পাহারায় তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

আদালত সূত্রে জানা গেছে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন। এর আগে গত মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।

চিফ প্রসিকিউটর আদালতকে জানান, এই মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে এবং গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনে এই দুই কর্মকর্তাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মূলত মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার ফোনালাপ ও অন্যান্য তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

মানবকণ্ঠ/ডিআর