Image description

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

সাইফুল মালিক ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তাকে প্রথমে কুমিল্লা মডার্ন হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ অস্ত্রোপচারের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পেশাগত জীবনে অত্যন্ত সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে সাইফুল মালিকের ব্যাপক পরিচিতি ছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, সাইফুল মালিক তার কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সহকর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও পরোপকারী। তার মৃত্যুতে পুলিশ বাহিনী এক নিবেদিতপ্রাণ সদস্যকে হারাল।

জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, মরহুমের মরদেহ ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জে নেওয়া হবে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর