Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে ট্রাকচাপায় আবু বক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে নিমগাছী মৎস্য আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবু বক্কর। এ সময় তার সঙ্গে থাকা একটি পাঙাশ মাছ হঠাৎ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে তিনি সড়কে নামলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রশিদ জানান, দুর্ঘটনার পর নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানউজ্জামান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মানবকণ্ঠ/ডিআর