Image description

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজীব বলেছেন, ‘নতুন বাংলাদেশ আজ তোমাদেরই হাতে। আমাদের নেতা তারেক রহমান তোমাদের নিয়ে গর্ব করেন এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। আমরা বিশ্বাস করি, এই নোয়াগাঁও স্কুলের সন্তানরাই ভবিষ্যতে দেশের সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে।’

মঙ্গলবার (২৮ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং 'One Student, One Tree' প্রজেক্টকে সফল করতে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নোয়াগাঁও হাই স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে খাইরুল ইসলাম সজীব আরও বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, সেটির সঠিক পরিচর্যাও করতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সবুজ বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। আপনারা ভালো থাকলেই দেশের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে।’

অনুষ্ঠানে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন—সোনারগাঁও থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন জীবন, সাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আওলাদ হোসাইনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানবকণ্ঠ/ডিআর