Image description

হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের জারি করা এক আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সংঘর্ষ এবং বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ১৪৪ ধারা বাস্তবায়নে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগকে কেন্দ্র করে দলটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও পৃথক কর্মসূচি দেওয়ায় শহরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।