Image description

ব্যক্তিগত জীবনে চারবার বিয়ে এবং চারবার বিচ্ছেদের অভিজ্ঞতা হলেও ভালোবাসার প্রতি আস্থা হারাননি বিশ্বখ্যাত হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। বরং সম্পর্কের ভাঙন মানুষকে আরও শক্ত, আত্মবিশ্বাসী ও পরিণত করে তোলে বলে মনে করেন তিনি।

সম্প্রতি এক টকশোতে নিজের জীবন, সম্পর্ক এবং আত্মসম্মান নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা। তিনি বলেন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো নিজের সঙ্গে। কোনো সম্পর্কই একজন মানুষের আত্মসম্মান, মানসিক শান্তি বা আত্মবিশ্বাসের চেয়ে বড় হতে পারে না।

জেনিফার লোপেজের মতে, কোনো সম্পর্ক যদি দুই পক্ষের জন্যই ইতিবাচক না হয়, তাহলে তা শেষ করার সিদ্ধান্তকে ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়। বরং অনেক সময় সেটিই সবচেয়ে সাহসী ও প্রয়োজনীয় সিদ্ধান্ত। কারণ একটি সম্পর্কের সমাপ্তি নতুন জীবনের শুরুর সুযোগ করে দেয়।

তিনি বলেন, একসময় তিনি বিশ্বাস করতেন জীবনের পূর্ণতা একজন জীবনসঙ্গীর মাধ্যমেই আসে। তবে সময়ের সঙ্গে সেই ধারণা বদলে গেছে। এখন তিনি মনে করেন, আগে নিজের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। নিজের মধ্যে শান্তি না থাকলে অন্য কারও সঙ্গে সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়।

বিচ্ছেদের পর কে কাকে ছেড়ে গেছে, সেটি নয়—বরং কে নিজেকে আরও শক্ত, পরিণত ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

সম্পর্ক ভাঙার পর একাকিত্বকে ভয় না পেয়ে নিজের জন্য সময় দেওয়ার পরামর্শও দেন জেনিফার লোপেজ। তিনি জানান, জীবনের কঠিন সময়গুলোতে ধ্যান, শরীরচর্চা, কাজ এবং সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন।

তিনি আরও বলেন, শুধু ভালোবাসা বা রোমান্টিক অনুভূতি কোনো সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে পারে না। একটি সুস্থ সম্পর্কের জন্য পারস্পরিক সম্মান, বিশ্বাস, ধৈর্য এবং খোলামেলা যোগাযোগ অপরিহার্য। তাই একা থাকার ভয় থেকে নয়, বরং এমন সম্পর্কেই থাকা উচিত যেখানে দুজন মানুষই একে অপরের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।