দীর্ঘদিন ধরে স্বামী অভিনেতা ও নির্মাতা শামীম জামানের শুটিং সেটে নিয়মিত যাতায়াত ছিল আমিনা লাবিবের। এতদিন ক্যামেরার পেছনের পরিবেশ দেখলেও এবার প্রথমবারের মতো ক্যামেরার সামনেই দাঁড়ালেন তিনি। শামীম জামান পরিচালিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হলো তার।
প্রথম অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আমিনা লাবিব বলেন, ‘মূলত মোশাররফ করিম ভাই ও জুই ভাবির অনুপ্রেরণায় এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। তাদের মতো অভিজ্ঞ শিল্পীর সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় পাওয়া। নতুন হিসেবে তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, তাতে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পেরেছি।’
তিনি জানান, বাইরে থেকে অভিনয়কে যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে কাজ করতে গিয়ে ততটাই ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তার ভাষায়, ‘আগে শুটিং দেখতে এসে মনে হতো অভিনয় খুব সহজ। কিন্তু নিজে কাজ করতে গিয়ে বুঝলাম, এটি অনেক পরিশ্রমের। ভোরে শুটিং শুরু হয়, অনেক সময় গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। একটি দৃশ্য নিখুঁতভাবে ধারণ করতে বারবার টেক দিতে হয়। তবে কষ্টের মধ্যেও কাজটি দারুণ উপভোগ করেছি।’
আমিনা আরও বলেন, 'প্রথম দিনের শুটিংয়ে কিছুটা নার্ভাস লাগলেও পরিচালক, সহশিল্পী ও ইউনিটের সদস্যদের আন্তরিক সহযোগিতায় সেই অস্বস্তি দ্রুত কেটে যায়। ফলে প্রথম কাজটি স্বাচ্ছন্দ্যের সঙ্গেই শেষ করতে পেরেছি।'
পারিবারিক গল্পনির্ভর ধারাবাহিক ‘এক পাতিলের সংসার’ পরিচালনা করেছেন শামীম জামান। এই নাটকের মধ্য দিয়েই অভিনয়জগতে নিজের নতুন যাত্রা শুরু করলেন আমিনা লাবিব। প্রথম কাজ নিয়েই তিনি আশাবাদী। তার বিশ্বাস, নাটকটি যেমন দর্শকদের ভালো লাগবে, তেমনি তার অভিনয়ও ইতিবাচকভাবে গ্রহণ করবেন সবাই।
মানবকণ্ঠ/এমআর




Comments