Image description

বরিশাল তথা দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর মাঝখান ও উভয় প্রান্তের সংযোগ সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দীর্ঘদিন ধরে সেতুর বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত, ফাটল এবং পিচ উঠে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও যানবাহনের চালক।

সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝামাঝি ও ঢালু অংশের বিভিন্ন স্থানে গভীর গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় পিচ উঠে গিয়ে ভেতরের কংক্রিট বেরিয়ে পড়েছে। দ্রুতগতিতে চলাচলকারী যানবাহনগুলো এসব গর্তের সামনে এসে হঠাৎ ব্রেক করতে বাধ্য হচ্ছে, যার ফলে মোটরসাইকেল ও অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

নিয়মিত চলাচলকারী চালকরা জানান, গর্তে পড়ে ঝাঁকুনির কারণে যানবাহনের যান্ত্রিক ক্ষতি হচ্ছে এবং প্রায়ই চাকা আটকে গিয়ে সেতুর ওপর দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে কিংবা বৃষ্টির সময় এই গর্তগুলো মরণফাঁদে পরিণত হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর এই নাজুক অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী কোনো সংস্কারের উদ্যোগ নেয়নি। মাঝেমধ্যে কিছু তালি দেওয়া মেরামত করা হলেও তা কয়েকদিনেই আবার নষ্ট হয়ে যায়। এলাকাবাসীর দাবি, বড় ধরনের কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটার আগেই যেন সেতুটি টেকসইভাবে সংস্কার করা হয় এবং প্রয়োজনীয় সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়।

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সেতুর ক্ষতিগ্রস্ত অংশের বিষয়টি তাদের নজরে এসেছে এবং ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী মেরামতের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে।

মানবকণ্ঠ/ডিআর