Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্রামে হঠাৎ হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিয়ালের এমন অতর্কিত আক্রমণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতদের মধ্যে রয়েছেন— সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম, মিনহাজ, আব্দুল হাই, এক বৃদ্ধা এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ মোট ১৫ জন। আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হঠাৎ কয়েকটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারী এবং বাড়ির আঙিনায় থাকা নারী-শিশুদের দেখলেই সেগুলো হিংস্রভাবে তেড়ে এসে কামড় দিতে থাকে। শিয়ালগুলো এতটাই আক্রমণাত্মক ছিল যে, একজনকে কামড়ে দৌড়ে গিয়ে আবার অন্যজনের ওপর হামলা করছিল। মুহূর্তের মধ্যে তিনটি গ্রামে এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ লাঠিসোটা নিয়ে সতর্ক অবস্থান নেন।

আক্রান্ত দেলোয়ার হোসেন জানান, "আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই একটি শিয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে দৌড়ে পালায়।" আরেক আহত লিটন বলেন, "শিয়ালগুলো খুব হিংস্র ছিল। যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমণ করেছে। আমরা এখন এলাকায় চলাচল করতে ভয় পাচ্ছি।"

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, শিয়ালের কামড়ে আহত অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, "সম্প্রতি এলাকায় শিয়ালের উপদ্রব বাড়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। বন্যপ্রাণী ও বন বিভাগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।"

মানবকণ্ঠ/ডিআর