ইনসাফ বারাকাহ হাসপাতাল ও রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা স্মারক স্বাক্ষর
স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং রমনা সমাজ কল্যাণ সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক (দ্বিপক্ষীয় চুক্তি) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।
সমঝোতা স্মারকের আওতায়, রমনা সমাজ কল্যাণ সোসাইটির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা ইনসাফ বারাকাহ হাসপাতালে নির্দিষ্ট চিকিৎসাসেবা এবং পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। পাশাপাশি রমনা থানা এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য থাকবে বিনামূল্যে চিকিৎসার সুযোগ।
হাসপাতালের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন এবং রমনা সমাজ কল্যাণ সোসাইটির পক্ষে সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রফেসর ডা. রুহুল আমিন বলেন, "রমনা সমাজ কল্যাণ সোসাইটির সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ।"
সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন জানান, এই চুক্তির ফলে তাঁদের সদস্যরা সহজে মানসম্মত চিকিৎসাসেবা পাবেন এবং সাধারণ মানুষের কল্যাণে হাসপাতালটির সঙ্গে যৌথভাবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচিও পালন করা হবে।
অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ হাসপাতালের ডিজিএম আব্দুল কাইউম ফয়সাল, এজিএম ও হেড অব কাস্টমার কেয়ার মো. হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ এম দুলাল এবং রমনা সমাজ কল্যাণ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সিনিয়র সহকারী সচিব জায়েদুল হক, সেক্রেটারি আতিকুর রহমান, নির্বাহী সদস্য আবু আহমেদ মারুফসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এমআর




Comments