Image description

ভারতীয় পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। পৌরাণিক এই মহাকাব্যভিত্তিক সিনেমার ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা যশ। বিশেষ করে রাবণের চরিত্রে তার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্রেলারের শুরুতেই রহস্যময় রূপে দেখা যায় রাবণকে। নীতেশ তিওয়ারি প্রাচীন মহাকাব্যের রাবণকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন। ট্রেলারে তাকে ত্রিলোকের শক্তিশালী শাসক হিসেবে দেখানো হয়েছে। তার অত্যাচার থেকে মানবজাতিকে রক্ষা করতেই জন্ম নেন রাম।

সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। এছাড়া কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, শূর্পণখার চরিত্রে রাকুল প্রীত সিং এবং বিদ্যুৎজিহ্বার ভূমিকায় বিবেক ওবেরয় অভিনয় করেছেন। জনপ্রিয় অভিনেতা সানি দেওল হনুমানের চরিত্রে থাকলেও ট্রেলারে তাকে দেখানো হয়নি। অন্যদিকে, টেলিভিশনের জনপ্রিয় ‘রাম’ অরুণ গোভিলকে দেখা যাবে রাজা দশরথের ভূমিকায়।

উন্নতমানের সিজিআই ও ভিএফএক্স প্রযুক্তির ব্যবহারে ট্রেলারটি দর্শকদের দৃষ্টি কেড়েছে। নির্মাতাদের আশা, নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মাধ্যমে বিশ্বের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরা যাবে এই কালজয়ী মহাকাব্য।

প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, প্রায় ছয়-সাত বছর আগে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। দুই পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার কোটি রুপির বেশি। এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি।

তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মহাকাব্যকে আন্তর্জাতিক দর্শকের সামনে উপস্থাপন করাই তাদের লক্ষ্য। একই সঙ্গে হলিউডের বড় বাজেটের চলচ্চিত্রের সঙ্গে পাল্লা দিয়ে মানসম্মত নির্মাণের চেষ্টা করা হয়েছে।

চলচ্চিত্রটির সংগীতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন ভারতের কিংবদন্তি সুরকার এ আর রহমান এবং অস্কারজয়ী সুরকার হান্স জিমার। রহমান বলেন, ‘রামায়ণ’-এর মতো একটি মহাকাব্যের জন্য নতুন ধরনের সংগীত তৈরি করা তাদের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি গর্বের বিষয়।

দুই পর্বে মুক্তি পাবে ‘রামায়ণ’। প্রথম পর্ব ২০২৬ সালের অক্টোবর মাসে দীপাবলির আগে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।