দিনাজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মো. সোহরাব হোসেন (৩৬) নামে এক বাসচালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের উত্তর গোশাইপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়াইপুর গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে। তিনি ‘শ্যামলী পরিবহনের’ (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬৪) একটি বাসের চালক হিসেবে কর্মরত।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল কোতোয়ালি থানার উত্তর গোশাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলা ট্রাক ও ট্রাকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে সন্দেহভাজন সোহরাব হোসেনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ২০টি নীল জিপার পলিব্যাগে মোড়ানো মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহরাব জানান, তিনি দীর্ঘ দিন ধরে শ্যামলী পরিবহনের বাস চালানোর আড়ালে মাদক কারবার করে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবাগুলো তিনি কক্সবাজার থেকে সংগ্রহ করে দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন।
দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আলমগীর হোসেন জানান, জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments