Image description

পর্যটন নগরী কক্সবাজারে রেলসেবা সম্প্রসারণ ও যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। ঢাকা–কক্সবাজার রুটে চলতি আগস্ট মাসেই আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের একমাত্র আইকনিক ঝিনুক আকৃতির কক্সবাজার রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে।

শনিবার (১ আগস্ট) সকালে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন ও চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “কক্সবাজার দেশের প্রধান পর্যটন কেন্দ্র হওয়ায় সারা বছরই এই রুটে যাত্রীদের প্রচণ্ড চাপ থাকে। পর্যটক ও স্থানীয় জনগণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় সরকার নতুন ট্রেন সংযোজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসেই নতুন একজোড়া ট্রেন নিয়মিত চলাচল শুরু করবে।”

স্টেশন ব্যবস্থাপনা নিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, আইকনিক রেলস্টেশনকে আধুনিক ও বিশ্বমানের সেবাকেন্দ্রে রূপ দিতে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্টেশনে উন্নত যাত্রীসেবা, কঠোর নিরাপত্তা, আধুনিক পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। পর্যায়ক্রমে স্টেশনে বিভিন্ন বাণিজ্যিক সেবাও যুক্ত করা হবে।

এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, শুধু পর্যটকদের জন্য নয়, স্থানীয় মানুষের সহজ যাতায়াত নিশ্চিত করতে ট্রেনের সংখ্যা বৃদ্ধি ও সেবার মান উন্নয়ন এখন সময়ের দাবি। তিনি রেলপথে আধুনিক সুযোগ-সুবিধা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর উদ্বোধনের মাধ্যমে ঢাকা-কক্সবাজার রেলযোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হয়। শুরুতে সীমিত পরিসরে ট্রেন চলাচল করলেও বর্তমানে পর্যটন মৌসুমে ও ছুটির দিনে টিকিটের জন্য হাহাকার পড়ে যায়। নতুন ট্রেন চালু হলে দীর্ঘদিনের আসনসংকট নিরসনের পাশাপাশি দেশের পর্যটন শিল্প ও আঞ্চলিক অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর