বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে নান্দাইলে আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি
জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান
"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানার সভাপতিত্বে এবং আসাদুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মুকসুদ আলী। এ ছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, জন্মের এক ঘণ্টার মধ্যেই নবজাতককে শালদুধ পান করানো এবং জীবনের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো শিশুর সুস্থ বৃদ্ধি, মেধার বিকাশ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে শিশুর বয়স দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, মাতৃদুগ্ধ শুধু শিশুর জন্য সর্বোত্তম ও নিরাপদ খাদ্যই নয়, এটি মায়ের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে পরিবার, কর্মক্ষেত্র এবং সমাজের সর্বস্তরে মাতৃদুগ্ধ পান করানোর অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।




Comments