শিবগঞ্জে বৃক্ষমেলা উদ্বোধন
শিবগঞ্জে ফলজ ও বনজ মেলার উদ্বোধন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল পরিকল্পনা সরকারের
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না- মানুষের জীবন, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতেও মূল ভূমিকা রাখে। তাই প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তা লালন-পালন ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।"
সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। পরিবেশের সবুজায়ন বৃদ্ধি ও বনভূমি সংরক্ষণে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অধীনে সড়ক, নদীর তীর, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় পরিকল্পিত বৃক্ষরোপণ নিশ্চিত করা হচ্ছে।"
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চারা প্রদর্শনী সম্পর্কে খোঁজখবর নেন। এবারের মেলায় উপজেলার ১৫টি নার্সারি তাদের সংগ্রহে থাকা দুর্লভ ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা নিয়ে অংশ নিয়েছে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক উৎসুক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




Comments