পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
বার্তায় বলা হয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনে হামলার চেষ্টা করতে পারে। এ আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই। বিশেষ করে দায়িত্ব পালনের সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
এতে আরও বলা হয়েছে, ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামাতে হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশ সদস্যদের নজরদারিতে রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না।
এ ছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড ও অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, নিবিড় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।




Comments