নারায়ণগঞ্জে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। সমাবেশ থেকে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং ভবিষ্যতে জেলায় এলে প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি চাষাঢ়া ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপির নেতাদের অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা আরও দাবি করেন, এনসিপির নেতারা ভয়ভীতি প্রদর্শন ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। মিথ্যাচার বা কটূক্তির মাধ্যমে তারেক রহমান কিংবা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে ভবিষ্যতে জেলায় এলে তাকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানকে নিয়ে মন্তব্য করার আগে নিজেদের রাজনৈতিক ইতিহাস জানা উচিত। তিনি এনসিপির নেতাদের উদ্দেশে চাঁদাবাজি ও ‘নাটকের রাজনীতি’ পরিহার করে সংযত থাকার আহ্বান জানান এবং তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদস্য আওলাদ হোসেন, অ্যাডভোকেট রফিক আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Comments