ধর্ষণ মামলায় যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার সকালে এনআইডি কার্ড করার জন্য চৌগাছায় আসার পথে আরাফাত হোসেন রাব্বি ভুক্তভোগী কলেজছাত্রীকে মোটরসাইকেলে তুলে নেন। পরে পৌর শহরের নিরিবিলিপাড়ার একটি বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় কাউকে কিছু না বলতে হুমকি দেন তিনি। পরে ভুক্তভোগী বাড়ি ফিরে ঘটনাটি তার বাবা-মাকে জানান। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, ভুক্তভোগী বাদি হয়ে ধর্ষণ মামলা করেছেন।




Comments