Image description

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদির মধ্যে হওয়া বৈঠক কাম্য নয়।

শনিবার (১ আগস্ট) সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভারতে অবস্থান করে দুই কূটনীতিকের মধ্যে আলোচনা হওয়ায় আপত্তির কিছু নেই। তবে বাংলাদেশে এসে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক যদি কেবল সৌজন্য সাক্ষাৎ না হয়ে বাংলাদেশ-সম্পর্কিত কোনো বিষয়ে হয়ে থাকে, তাহলে সে আলোচনা বাংলাদেশ সরকারের সঙ্গেই হওয়া উচিত। প্রয়োজনে এ ধরনের বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও মতবিনিময় করা যেতে পারে।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করে তারা উদ্বিগ্ন হয়েছেন। ভবিষ্যতেও একই ধরনের উদ্যোগ বা কৌশল অব্যাহত থাকলে নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা সম্পর্কে জনগণের মধ্যে আরও শঙ্কা তৈরি হতে পারে।

সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, দলটি এ বিষয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে। আগে গণভোটের পক্ষে মত দিলেও পরে কেন অবস্থান পরিবর্তন করা হলো, সে প্রশ্নের জবাব জনগণ জানতে চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস উন নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আব্দুর রব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।