Image description

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে এক নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটি এবং স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মস্কোর কুদ্রিন্সকায়া স্কয়ারের স্ট্যালিন আমলের একটি বিখ্যাত বহুতল ভবনে অবস্থিত ‘বালত্সি রোসসি’ (Balzi Rossi) নামক ইতালীয় রেস্তোরাঁয় এই হামলা চালানো হয়। রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, অজ্ঞাত এক নারী ওই রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে প্রবেশপথে এক নিরাপত্তা রক্ষী তাঁকে বাধা দেন। এর কিছুক্ষণ পরই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে বোমা বহনকারী ওই নারী, রেস্তোরাঁর নিরাপত্তা রক্ষী এবং একজন ক্রেতা নিহত হয়েছেন। আহত ২১ জনের আঘাতের ধরন বিভিন্ন পর্যায়ের বলে জানিয়েছে বার্তা সংস্থা রিয়া। ঘটনার পর পরই ভারী অস্ত্রে সজ্জিত রুশ নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়।

রাশিয়ার প্রভাবশালী দৈনিক ‘কোমারসান্ত’ তদন্ত সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল রেস্তোরাঁটির বারান্দায় গ্রীষ্মকালীন পরিবেশ উপভোগ করতে থাকা অতিথিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বোমা বহনকারী ওই নারী হয়তো জানতেনই না যে তাঁর কাছে বোমা রয়েছে। ধারণা করা হচ্ছে, তৃতীয় কোনো পক্ষ দূর থেকে (রিমোট কন্ট্রোল) বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে। রেস্তোরাঁটির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, একটি ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য শনিবার এটি সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছিল।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ায় উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে বেশ কিছু হাই-প্রোফাইল হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেসব ঘটনার জন্য মস্কো সরাসরি কিয়েভকে দায়ী করে আসছিল। তবে এই বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী করা হয়নি বা কেউ দায় স্বীকার করেনি। বর্তমানে হতাহতদের নাম ও পরিচয় শনাক্তের কাজ চলছে।

মানবকণ্ঠ/ডিআর