Image description

ময়মনসিংহের নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন শ্রেণির গ্রাহকের কাছে প্রায় সাড়ে ৯ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে এ বকেয়া জমে থাকায় তা আদায়ে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান তালুকদার জানান, বর্তমানে জোনাল অফিসের আওতায় মোট বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ৯ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ১০২ টাকা। বকেয়া আদায়ে চলতি মাসে আবারও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশীদার হতে হলে সবাইকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে বকেয়া আদায়ের পাশাপাশি গ্রাহকদের সচেতন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধ না করলে প্রচলিত বিধিমালা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইল জোনাল অফিস সূত্রে জানা গেছে, অফিসটির আওতায় প্রায় ৮৬ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে ২৪ হাজার ৯০০ জন আবাসিক গ্রাহকের কাছে বকেয়া রয়েছে ৫ কোটি ২ লাখ ৬০ হাজার ৬৩৭ টাকা।

এ ছাড়া ২ হাজার ২৯৭ জন বাণিজ্যিক গ্রাহক (সরকারি প্রতিষ্ঠানসহ) বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন ১ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৬২৪ টাকা। ১ হাজার ২৯৪ জন সেচ গ্রাহকের কাছে বকেয়া রয়েছে ১ কোটি ৪ লাখ ১২ হাজার ৯২৪ টাকা এবং ২৮৯টি শিল্প গ্রাহকের কাছে বকেয়া রয়েছে ১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৫৯৯ টাকা। এছাড়া ৫৭২টি দাতব্য প্রতিষ্ঠানের কাছেও ১৩ লাখ ৭১ হাজার ৫৩৮ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

জোনাল অফিসের তথ্য অনুযায়ী, সংযোগ বিচ্ছিন্নের উপযোগী গ্রাহকদের কাছেও ১ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার ৯০৬ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।