বেনজীরকে দেশে ফেরাতে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি লড়াই শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান বা ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা জানতে পেরেছি, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। এ বিষয়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। বর্তমানে তার জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে ইতিমধ্যে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানটি তাদের প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে। আমরা আশা করছি, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।”
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী পুলিশ লাইনসে আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জ ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধি, জননিরাপত্তা এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments