লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির তীব্র সংকট, দুর্ভোগে রোগী-স্বজন
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে হাসপাতালের সবকটি পানির উৎস বিকল হয়ে পড়ে থাকলেও সমাধানে নেই কোনো কার্যকর উদ্যোগ। এতে হাসপাতালে আসা শত শত রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতাল প্রাঙ্গণে থাকা চারটি টিউবওয়েল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। এছাড়া ২০২২ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে স্থাপন করা সাতটি বিশুদ্ধ পানির ট্যাবও গত কয়েক মাস ধরে কোনো কাজে আসছে না। সময়মতো মেরামত না করায় এসব ট্যাব এখন কেবলই অকেজো কাঠামো হিসেবে দাঁড়িয়ে আছে।
হাসপাতালে চিকিৎসাধীন একাধিক রোগীর স্বজন জানান, হাসপাতালে নিরাপদ পানির সুব্যবস্থা না থাকায় তাদের বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে পানি বয়ে আনতে হচ্ছে। দিনের বেলা কোনোমতে চললেও রাতের বেলায় বাইরে থেকে পানি সংগ্রহ করা নারী স্বজনদের জন্য হয়ে দাঁড়িয়েছে এক বড় চ্যালেঞ্জ। এতে রোগীর সেবার চেয়ে পানি আনতেই বেশি সময় ও শ্রম ব্যয় করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে পানির সমস্যাটি দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এটি সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। ফলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার পাশাপাশি হাসপাতালের চিকিৎসা সেবার পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
ভুক্তভোগী রোগী ও এলাকাবাসী অবিলম্বে অকেজো টিউবওয়েল ও পানির ট্যাবগুলো মেরামত করে হাসপাতালে বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, একটি সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ব্যবস্থা সচল রাখা জনস্বাস্থ্য রক্ষার প্রাথমিক ও অপরিহার্য শর্ত।
মানবকণ্ঠ/ডিআর




Comments