ব্রাজিলের ভারত সফর ‘ঘরে খাবার নেই, অথচ বিয়েতে শাহরুখকে এনে নাচানোর মতো’
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ভারতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহাসিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা সেলেসাওরা তাদের মূল ‘এ’ দল নিয়েই মাঠে নামবে। ফুটবলের এই পরাশক্তিকে ঘিরে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে থাকলেও, দেশের ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে এই আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা।
ব্রাজিলিয়ান কিংবদন্তি ও মোহনবাগানের সাবেক ফরোয়ার্ড হোসে বারেতো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারতে ফুটবলকে জনপ্রিয় করতে এটি দারুণ পদক্ষেপ। আমরা জানি এখানে ক্রিকেটই সব। আমাদের মতো ব্রাজিলিয়ানদের জন্য নিজ দেশের তারকাদের এত কাছ থেকে দেখা হবে এক বিশেষ অভিজ্ঞতা। এমনকি ব্রাজিলে থেকেও জাতীয় দলের খেলোয়াড়দের দেখা পাওয়া সবসময় সহজ হয় না।’
তবে উল্টো সুর শোনা গেছে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার ভাইচুং ভুটিয়ার কণ্ঠে। বর্তমান পরিস্থিতিতে এই হাই-ভোল্টেজ ম্যাচের চেয়ে ঘরোয়া ফুটবলের কাঠামোগত সংকট সমাধানে বেশি জোর দিয়েছেন তিনি। ভুটিয়া বলেন, ‘ব্রাজিল আসবে না তা বলছি না, কিন্তু এই ম্যাচ থেকে আমাদের অর্জন কী? একদিকে জামশেদপুর এফসি আইএসএল থেকে সরে যাচ্ছে, জাতীয় দল এশিয়ান গেমসে খেলছে না এবং ফিফা র্যাঙ্কিং ১৪০-এর নিচে নেমে গেছে।’
ম্যাচের সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভুটিয়া আরও বলেন, ‘২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ফিফা আসিয়ান কাপ অনুষ্ঠিত হবে যেখানে ভারতের খেলার কথা রয়েছে। এই অবস্থায় ব্রাজিলকে এনে ম্যাচ আয়োজন করা অনেকটা এমন—যেন একটি পরিবার ঠিকমতো খেতে পারছে না, অথচ ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর চেষ্টা করছে।’
জাতীয় দলের বর্তমান ডিফেন্ডার নিখিল পুজারিও হতাশা ব্যক্ত করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘একদিন আমরা আনন্দ করি যে ব্রাজিল আসছে, আর পরের দিনই শুনি কোনো ক্লাব তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। আমরা আসলে কোন পথে এগোচ্ছি?’
ব্রাজিলের এই সফর ভারতকে আবারও বিশ্ব ফুটবলের নজরে নিয়ে আসবে। এর আগে ১৯৫৫ সালে কিংবদন্তি লেভ ইয়াশিন, ১৯৮০-র দশকে এনজো ফ্রান্সেসকোলি ও হোর্হে বুরুচাগার মতো তারকারা ভারতে খেলেছেন। সর্বশেষ ২০১১ সালে ফুটবল জাদুকর লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলেছিল। সেই ধারাবাহিকতায় নেইমারদের আগমন ভক্তদের জন্য বড় প্রাপ্তি হলেও ঘরোয়া ফুটবলের রুগ্ন দশা নিয়ে বিতর্কটি থেকেই যাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments