Image description

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছরের এক শিশু কন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মো. জুলহাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বানিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জুলহাস পেশায় একজন মিল শ্রমিক। তিনি বানিয়াজুরী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও তার আগের ঘরের ১১ বছরের কন্যা শিশুকে নিয়ে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, বাড়িতে কেউ না থাকার সুবাদে জুলহাস বিভিন্ন সময়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘিওর থানা পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত জুলহাসকে আটক করে। এ সময় শিশুটির স্বাস্থ্য পরীক্ষার প্রাথমিক প্রক্রিয়া শুরু করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।”

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে যাবতীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং শিশুটির সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর