মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামনে এখন কেবল দুটি পথ খোলা রয়েছে—চুক্তি অথবা নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বর্তমান ইরানি নেতৃত্বের তীব্র সমালোচনা করে তাদের ‘দ্বিমুখী নীতি’ অনুসরণের অভিযোগ করেন।
ট্রাম্পের দাবি, একদিকে ইরানি কর্মকর্তারা বৈঠকের অনুরোধ জানাচ্ছেন এবং ভবিষ্যতে আরও আলোচনার আগ্রহ প্রকাশ করছেন। অন্যদিকে প্রকাশ্যে তারা দাবি করছেন, কোনো আলোচনা চলছে না এবং তারা কেবল ওমানের সঙ্গেই যোগাযোগ রাখছেন।
হরমুজ প্রণালি নিয়ে তেহরানের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, কৌশলগত এই সামুদ্রিক পথ বর্তমানে মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের চলাচল সম্ভব হবে না। ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া বা দেশটি নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত এই অবস্থান বহাল থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ ছাড়া ট্রাম্প বলেন, ইরান স্বীকার করুক বা না করুক, গত কয়েক দশক ধরে দেশটি যে সংকট সৃষ্টি করেছে, তার স্থায়ী সমাধানেই যুক্তরাষ্ট্র কাজ করছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
সূত্র: আল-জাজিরা।




Comments