Image description

রাজধানীর মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিং এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার রাত ৮টার দিকে চাঁনমিয়া হাউজিংয়ের ৪ নম্বর রোডে একটি বাসার সামনে এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টার কিছু আগে বকুল মিয়া নামে এক ব্যক্তির বাসার সামনে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা। এছাড়া তার রাজনৈতিক কার্যালয়ও ঘটনাস্থলের কাছাকাছি।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন জানান, মাদ্রাসার উত্তর পাশে মাওলানা মামুনুল হকের রাজনৈতিক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।