Image description

বরিশাল জেলার বানারীপাড়ায় দুটি খাল পুনঃখনন কাজ সফলভাবে সম্পন্ন করার পর প্রকল্পের অব্যবহৃত ১৬ লাখ ২০ হাজার ৫৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান। সরকারি অর্থের এই বিরল সাশ্রয় ও সঠিক ব্যবহারের উদ্যোগে ইউএনও’র পাশাপাশি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর উন্নয়নমুখী দিকনির্দেশনা ও তদারকির ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ বাসিন্দারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বানারীপাড়া উপজেলায় পানি নিষ্কাশন ব্যবস্থা ও কৃষি সেচ সুবিধার উন্নয়নের লক্ষ্যে সরকার মোট ৯৯ লাখ ৩১ হাজার ৯৫২ টাকা বরাদ্দ দেয়। এই প্রকল্পের আওতায় উপজেলার গোডাউন চত্বর থেকে ৫ নম্বর ওয়ার্ডের ব্রিজ পর্যন্ত ৭৫০ মিটার এবং বাইশারীর সন্ধানদীর প্রবেশদ্বারের ধানাহাট থেকে কচুয়া শাসের আলী চকিদারের বাড়ি পর্যন্ত ২.৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করার পর দেখা যায়, ১৬ লাখ ২০ হাজার ৫৬৫ টাকা উদ্বৃত্ত রয়েছে। পরবর্তীতে ইউএনও বায়েজিদুর রহমান রাষ্ট্রীয় কোষাগারে আনুষ্ঠানিকভাবে সেই টাকা ফেরত পাঠান।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান বলেন, "সরকারি অর্থ মানেই জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ীভাবে মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা সেই চেষ্টাই করেছি। জনগণের টাকা জনগণের কাছে এবং রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।"

স্থানীয় বাসিন্দারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, সাধারণত প্রকল্প বাস্তবায়নের পর অর্থ উদ্বৃত্ত থাকার ঘটনা বিরল, সেখানে টাকা ফেরত দেওয়ার ঘটনা সততার এক বড় প্রমাণ। এই খাল খননের ফলে এলাকার কৃষিজমিতে সেচ ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা দূর হবে এবং বর্ষার পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে, যা স্থানীয় কৃষি উৎপাদনে সুদূরপ্রসারী ইতিবাচক ভূমিকা রাখবে।

একইসঙ্গে স্থানীয় সচেতন মহল মনে করছেন, সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন তদারকির ইতিবাচক মনোভাব এবং উপজেলা প্রশাসনের কঠোর স্বচ্ছতার কারণেই সরকারি অর্থের এমন সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে। সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন যৌথ আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা বর্তমানে পুরো অঞ্চলে প্রশংসিত হচ্ছে।