গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (২৮) নামের এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে উপজেলার সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া গ্রামের আসাদ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদুল ইসলাম ঘুটু উপজেলার তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেশায় সাপুড়িয়া আজাদুল ইসলাম গত সোমবার বিকেলে একটি নতুন বিষধর সাপ ধরেন। মঙ্গলবার সকালে শিয়ালগাড়া গ্রামের আসাদ মোড়ে সেই সাপটি নিয়ে ‘পাতা খেলা’ (সাপের খেলা) দেখানোর সময় হঠাৎ সাপটি তাকে কামড় দেয়। এতে তিনি দ্রুত গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে পার্শ্ববর্তী রাজা বিরাটের শিবসমুদ্র এলাকায় এক ‘ওঝা’র বাড়িতে নিয়ে যান। সেখানে বিষ নামানোর চেষ্টার একপর্যায়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, সাপের কামড়ে এক সাপুড়িয়া অসুস্থ হয়ে মারা যাওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments