Image description

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দার গ্ল্যামারের বাইরেও মাটির কাছাকাছি জীবনযাপনের জন্য আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে খালি পায়ে, সাদামাটা পোশাকে নিজের বাগানে কোদাল দিয়ে জমি প্রস্তুত করতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, জয়া নিজ হাতে কোদাল চালিয়ে বাগানের মাটি প্রস্তুত করছেন। একজন সহকারীর সঙ্গে মিলে গোবর সার মিশিয়ে চাষের উপযোগী করছেন জমি। কাজের ফাঁকে নিজের বাগানের বিভিন্ন গাছও দর্শকদের দেখান তিনি। জানান, তার বাগানে রয়েছে জবা, ঘুমন্ত জবাসহ নানা ধরনের গাছ।

গ্ল্যামারাস অভিনেত্রীকে এমন স্বাভাবিক ও পরিশ্রমী রূপে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ‘মাটির মানুষ’ বলে প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘মাটির সঙ্গে বন্ধুত্ব, এটা সত্যিই সুন্দর।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘কোদাল দিয়ে কাজ করলে মনে হয় বয়স ধরে রাখা সম্ভব।’ আরেকজনের ভাষায়, ‘সুন্দর আর ফিট থাকার রহস্যই হলো নিয়মিত কাজ করা।’

জয়ার এই কায়িক পরিশ্রমের প্রশংসা করতে গিয়ে কেউ কেউ রসিক মন্তব্যও করেছেন।

এর আগেও এক সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছিলেন, নিয়মিত জিম করার চেয়ে দৈনন্দিন কায়িক শ্রমেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। নতুন কোনো সিনেমার প্রয়োজনে মাঝে মাঝে পিলাটিজ বা শরীরচর্চা করলেও, নিজের বাড়ির বাগানের কাজই তার ফিট থাকার অন্যতম উপায়।

জয়ার ভাষায়, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আমি যেমন চাষ করি। মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।’