Image description

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইয়ানবু উপকূলের কাছে উত্তর লোহিত সাগরে থাকা 'ওয়াফা' নামের ট্যাংকারটিকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

বুধবার (৫ আগস্ট) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে ট্যাংকারটিতে আঘাত হেনেছে। তিনি বলেন, এটি সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির ঘোষিত সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।

হুথিদের দাবি, গত ২২ জুলাই অবরোধ শুরুর পর থেকে তারা অন্তত আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। পাশাপাশি ২৯টি সৌদি ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগর হয়ে চলাচল করতে বাধা দেওয়া হয়েছে অথবা ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

সারি আরও বলেন, বাব এল-মান্দেব প্রণালিতে হুথিদের অবরোধ কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। এ কারণে সৌদি আরব তাদের তেলবাহী জাহাজগুলোকে উত্তর লোহিত সাগরের বিকল্প পথে পরিচালিত করছে।

তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।