বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। জলপথটি যৌথভাবে পরিচালনার বিষয়ে দুই দেশ চূড়ান্ত পর্যালোচনা করছে। ফলে শিগগিরই হরমুজ প্রণালি আবারও আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ওমানের সঙ্গে সমঝোতা হলেও মার্কিন নৌ অবরোধ ও নিরাপত্তা-সংক্রান্ত হুমকি পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলতে পারে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে ইরান দাবি করেছে, এ আলোচনায় যুক্তরাষ্ট্রের কোনো অংশগ্রহণ ছিল না।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর চলাচল নিয়ন্ত্রণে ইরানের ভূমিকা আরও বাড়তে পারে।
এদিকে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরের ইয়ানবু বন্দরের কাছে এবং এডেন উপসাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে।
অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের কুমজার উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের পরও জাহাজটি এবং এর নাবিকরা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।




Comments