Image description

দীর্ঘ ১৫ মাসের চিকিৎসা শেষে কয়েকদিনের জন্য দেশে এসেছেন ইলিয়াস কাঞ্চন। সোমবার ঢাকায় পৌঁছান এই খ্যাতিমান অভিনেতা। খবরটি শুনে পরদিনই তাকে দেখতে গিয়েছেন কিংবদন্তি অভিনেতা আলমগীর। কাঞ্চনের গুলশানের বাসায় গিয়ে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠজন লিটন এরশাদ। তিনি জানান, চলচ্চিত্রের বাইরেও আলমগীর ও ইলিয়াস কাঞ্চনের মধ্যে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে। আড্ডায় তারা পরষ্পরের স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। একজন আরেকজনের খোঁজ নিয়েছেন।

তবে অসুস্থতার কারণে অতীতের অনেক কিছুই ভুলে গেছেন ইলিয়াস কাঞ্চন। তাকে কিছু স্মৃতি মনে করানোর চেষ্টা করেছেন আলমগীর। দুই কিংবদন্তির এই মুহূর্ত উপস্থিত অন্যরাও মুগ্ধ হয়ে দেখেছেন।

বলা দরকার, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নিয়েছেন। সে বছরের আগস্টে অভিনেতার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তবে জটিলতার কারণে টিউমার পুরোপুরি অপসারণ করা যায়নি। সেই থেকে চলছিল কেমো থেরাপি। তিন ধাপে সব মিলিয়ে শ খানেক কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন।

যদিও এই দীর্ঘ চিকিৎসায় অভিনেতার আশানুরূপ উন্নতি হয়নি বলেই জানিয়েছেন লিটন এরশাদ। বরং সেখানে থাকতে থাকতে দেশের জন্য অস্থির হয়ে পড়েছেন। তাই কিছুদিনের জন্য দেশে এসেছেন। শিগগির আবার ফিরে যাবেন লন্ডনে, নির্ধারিত চিকিৎসা নিতে।  

মানবকণ্ঠ/এমআর