কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বদি আলম পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়ার বাসিন্দা সোনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মাছ ধরতে গিয়ে সীমান্তসংলগ্ন এলাকায় তিনি বিস্ফোরণের শিকার হন। এতে তার ডান পা ও শরীরের ডান পাশে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উখিয়া বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজাদ বলেন, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তবে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারের ডেকুবুনিয়া এলাকায় বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণে বদিউল আলম আহত হন। তিনি মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশের পর বিস্ফোরণের শিকার হয়ে বাংলাদেশে ফিরে আসেন। বর্তমানে ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।




Comments