Image description

মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদের ওপর হামলার অভিযোগ উঠেছে একই সংগঠনের সদস্য সচিব জোয়ারদার শাহ আলম তুফানের বিরুদ্ধে। হামলায় ফরিদের হাত ভেঙে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার খামারপাড়া বাজারের নিশান মার্কেটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাজার কমিটির আয়োজিত সভায় জোয়ারদার শাহ আলম তুফান কয়েকজনকে নিয়ে উপস্থিত হন। এ সময় সভা নিয়ে বিরোধের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলায় হাতুড়ি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে জিয়াউল হক ফরিদ গুরুতর আহত হন। তরিকুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।

স্থানীয়দের দাবি, শ্রীকোল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে। ওই কমিটিতে জিয়াউল হক ফরিদকে সভাপতি এবং শাহ আলম তুফানকে সহ-সভাপতি করা হয়। এ নিয়ে তুফান ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ।

আহত জিয়াউল হক ফরিদ বলেন, কমিউনিটি পুলিশিংয়ের সভা না থাকলেও বাজার কমিটির শান্তি-শৃঙ্খলা বিষয়ক সভায় হামলা চালিয়ে সভা পণ্ড করে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ারদার শাহ আলম তুফানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।