Image description

জয়পুরহাটে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে রাশেদুল ইসলাম নামে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের এক ক্যানটিন বয় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার তেঘর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব গাছগাছি গ্রামের আরমান হোসেনের ছেলে। তিনি ওই ট্রেনে খাবার পরিবেশনের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুরে তেঘর রেলগেট এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ক্যানটিন বয় রাশেদুল ইসলাম অসাবধানতাবশত দরজা থেকে নিচে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং নিহতের পরিচয় শনাক্ত করে। ঘটনাটি ইতিমধ্যে সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

মানবকণ্ঠ/ডিআর