২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৩৪৯ জন ভোটার নির্ধারণ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেন।
প্রকাশিত গেজেট অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে জাতীয় সংসদের সাধারণ আসনের ২৯৯ জন সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা উচ্চ আদালত বাতিল করায় ওই আসনটিকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করা যাবে আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।
পরবর্তীতে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের ফলে সৃষ্ট শূন্য পদ পূরণে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।
মানবকণ্ঠ/ডিআর




Comments