Image description

নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে তাদের স্বপদে ও প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নিয়েছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন—নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সাবেক সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৭ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এসব নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে এই নেতারা কার্যকরী ভূমিকা রাখবেন বলে দল আশা প্রকাশ করছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর এলাকায় পৌঁছালে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা গেছে।

মানবকণ্ঠ/ডিআর