Image description

বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় সাতজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান।

নিহতদের মধ্যে রয়েছেন বগুড়া জেলার বেলাল, গাইবান্ধা জেলার আমিনুর, নূর আলম ও সাঈদ (গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন) এবং দিনাজপুর জেলার পার্বতীপুরের আনারুল। নিহত তাজমুল ও ফয়জারের স্থায়ী ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত ১৭ জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এরুলিয়া এলাকায় গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবিতে বগুড়া-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। প্রায় চার ঘণ্টা পর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার সকাল ১১টার দিকে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরে সাংবাদিকদের তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার ও আহতদের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদের বিটু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন এবং তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে তিনি জানান।