রুয়েটে ‘নভোঋদ্ধ’২০-এর র্যাগ কনসার্টে মাতাল শিরোনামহীন, হাসান আর্ক ও হাইওয়ে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০–২১ শিক্ষাবর্ষের (২০ সিরিজ) শিক্ষার্থীদের বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হলো দুই দিনব্যাপী বর্ণিল উৎসব ‘নভোঋদ্ধ’ ২০। জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা ও র্যাগ কনসার্টের মধ্য দিয়ে সুর আর ছন্দের উন্মাদনায় মেতে ওঠে পুরো ক্যাম্পাস।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় এই বিদায় উৎসবের প্রধান আকর্ষণ ‘র্যাগ কনসার্ট’। এতে মঞ্চ মাতাতে আসেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’, ‘হাইওয়ে’ এবং কিংবদন্তি সংগীতশিল্পী হাসান (আর্ক)। তাদের একের পর এক জনপ্রিয় গানে রাতভর উচ্ছ্বাসে মেতে থাকেন হাজারো বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী।
রাত ৮টায় রুয়েটের নিজস্ব ব্যান্ড ‘গানFlower’ ও ‘RAV3N’-এর পরিবেশনার মাধ্যমে কনসার্ট শুরু হয়। এরপর রাত ৯টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত সুর ও আলোর মায়াজালে দর্শকদের মোহাবিষ্ট করে রাখেন আমন্ত্রিত তারকারা। প্রিয় শিল্পীদের গানের তালে পুরো রুয়েট ক্যাম্পাস যেন এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘অন্তিম প্রহরে’ শীর্ষক কালচারাল নাইটের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে ২০ সিরিজের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে তাদের চার বছরের শিক্ষাজীবনের স্মৃতিময় মুহূর্তগুলোকে তুলে ধরেন।
আয়োজক কমিটি জানায়, অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কালচারাল নাইট ও কনসার্টে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত টি-শার্ট অথবা টিকিট বাধ্যতামূলক করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে তিন স্তরের বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।
এবারের বর্ণাঢ্য এই আয়োজনের টাইটেল স্পন্সর ছিল ‘HONOR Bangladesh’ এবং পার্টনার হিসেবে ছিল ‘আদি ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’।
আয়োজকদের মতে, চার বছরের প্রকৌশল জীবনের বন্ধুত্ব, সংগ্রাম আর ভালোবাসার আবেগকে ধারণ করেই ‘নভোঋদ্ধ ২০, বৈভবে স্বকীয় নন্দনে’ প্রতিপাদ্যে এই বিদায় উৎসবের আয়োজন করা হয়েছে। এই স্মৃতিগুলো শিক্ষার্থীদের কর্মজীবনেও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments