Image description

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইজ্জতপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আল আমিন (৩২) ও তার স্ত্রী রিনা আক্তার (৩০)। রিনার বাড়ি শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নে। তার বাবার নাম সিদ্দিক মিয়া।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এক যুবক ও এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত রিনার স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় চার বছর আগে পরিবারের অমতে আল আমিনকে বিয়ে করেন রিনা। পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

স্বজনদের দাবি, সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। তবে রেললাইনে তাদের মৃত্যুর কারণ কী—তা এখনো নিশ্চিত নয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।