Image description

প্রায় ৯ ফুট লম্বা চুল নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের রেনু ধারিয়াল। নারীদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

রেনুর চুলের দৈর্ঘ্য ২৭১ দশমিক ৫০ সেন্টিমিটার, যা প্রায় ৮ ফুট ১০ ইঞ্চি। ভারতের উত্তরাখণ্ডের হালদোয়ানি শহরের বাসিন্দা রেনু পেশায় ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর। সেখানে তিনি চুলের যত্ন ও চুল লম্বা করার বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল মাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রেনুকে এই রেকর্ডের স্বীকৃতি দেয়।

এর আগে নারীদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের রেকর্ডটি ছিল ইউক্রেনের আলিয়িয়া নাসরোভা। তার চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৫ দশমিক ৩ ইঞ্চি। রেনুর চুল সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

রেনু জানান, ২০১৫ সাল থেকে তার চুল ক্রমাগত লম্বা হচ্ছে। ওই সময়ের পর তিনি আর চুল কাটেননি। তার মতে, ভারতে লম্বা চুলকে সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা হয়। এই সাংস্কৃতিক ধারণাই তাকে চুল লম্বা করতে অনুপ্রাণিত করেছে।

তবে এত লম্বা চুলের যত্ন নেওয়াও বেশ সময়সাপেক্ষ। রেনু জানান, চুল পরিষ্কার ও পরিপাটি করতে তার কয়েক ঘণ্টা সময় লাগে।

রেনুর আগে ভারতের সবচেয়ে লম্বা চুলের অধিকারী ছিলেন স্মিত শ্রীবাস্তভ। ২০২৩ সালে তার ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি দেওয়া হয়েছিল।