Image description

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে সীমান্তের ১৮৪৫ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। বিজিবির তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলাও রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে তারা মিয়াসহ চার-পাঁচজনের একটি দল আলীনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা মূলত আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে গিয়েছিল। সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে ত্রিপুরার মাগুরুলী এলাকায় পৌঁছালে ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর মাগুরুলী ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা অন্য সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়।

শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফ নিহতের মরদেহ নিয়ে গেছে। মরদেহ ফেরত আনা এবং ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজিবি।

ডিআর