Image description

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিএনপির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র দুটি গ্রহণ করেন। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে তারা এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সদস্যরাই এই নির্বাচনে ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে যদি একাধিক বৈধ প্রার্থী থাকেন, তবেই ২০ আগস্ট সংসদের বিশেষ অধিবেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ডিআর